ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রেমিট্যান্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ads

বিদেশ থেকে পণ্য ও সেবা খাতে আসা ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময় শেষ হওয়ার পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।


এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার জারির দিন থেকেই এই নির্দেশনা কার্যকর হলেও, পুরোপুরি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রেমিট্যান্সের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করতে হবে।


দ্রুত লেনদেন সম্পন্নের জন্য আধুনিক ও সহজ প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় মৌলিক তথ্য পাওয়া গেলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া পরবর্তীতে সম্পন্ন করলেও আগে গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়া যাবে। তবে যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট যাচাই সম্ভব নয়, সেসব ক্ষেত্রে অর্থ জমার আগে যাচাই সম্পন্ন করে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে হবে।


এ ছাড়া ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) অথবা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।


সার্কুলারে পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে শুরু করে গ্রাহকের হিসাবে চূড়ান্তভাবে অর্থ জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া অনুসরণে ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স (ইউটিআর) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে, যাতে ফরম ‘সি’ ও ফরম ‘সি (আইসিটি)’ সংক্রান্ত বাধ্যবাধকতা তুলে নেওয়া যায়।


বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা। তাদের মতে, এতে গ্রাহকের আস্থা বাড়বে এবং দেশের রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে।

ads
ads
ads

Our Facebook Page